দুর্দান্ত জয়ের পর যা বললেন হাসনাত

 


কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হলেও শেষ পর্যন্ত জনগণের রায় সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজয়োত্তর ভাষণে হাসনাত দাবি করেন, তাকে ঠেকাতে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়েছিল।

 কিন্তু সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে, তবুও জনগণ আস্থা হারায়নি। ভোটের দিন দলে দলে কেন্দ্রে গিয়ে তারা তাকে সমর্থন দিয়েছেন। তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা আগে কখনও সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তারাও পরিবর্তনের প্রত্যাশায় মাঠে নেমেছেন। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে প্রচারে অংশ নিয়েছেন, কেউ কেউ চাকরি থেকে ছুটি নিয়েছেন। 

এমনকি প্রবাসী বাংলাদেশিরাও দেশে এসে তার পক্ষে কাজ করেছেন বলে জানান তিনি। ব্যবসায়ী ও স্থানীয় সমর্থকদেরও কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত বলেন, অনেকে ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন। তার ভাষায়, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন—ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, প্রকৃত ক্ষমতা জনতার হাতে। জনগণ তাদের ভোটের মাধ্যমেই সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। বিজয়ের পর দেবিদ্বার এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়; বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও উদযাপনের মাধ্যমে সমর্থকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

Next Post Previous Post

মন্তব্য করুন