যে কারণে এনসিপির এক নেতাকে বহিষ্কার করা হলো
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তরিকুল ইসলামকে সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
