নতুন সংসদে ৭ নারী বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে গিয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ‘ধানের শীষ’ প্রতীকে দলটির প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে, যা দুই-তৃতীয়াংশের কাছাকাছি।
এ বিজয়ের মধ্য দিয়ে দলটি জাতীয় সংসদে শক্ত অবস্থান তৈরি করেছে। বিজয়ীদের তালিকায় উল্লেখযোগ্য দিক হলো—৬ জন নারী প্রার্থী সরাসরি বিএনপির মনোনয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি অতীতে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-2 আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নারী প্রার্থীদের এই সাফল্য দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও বিজয় সংসদে নারী প্রতিনিধিত্বকে আরও জোরদার করবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের ভূমিকা বাড়াবে। একই সঙ্গে এটি রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে আরও বেশি নারীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে পারে।
