নির্বাচনে বিএনপির জয়, যা বলল পাকিস্তান
দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করার পর বিএনপির বিজয় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপির জয়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।
নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পরপরই দেওয়া এসব বার্তায় তারা বাংলাদেশের জনগণকেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানান। জারদারি তার বার্তায় বলেন, বিএনপির বড় জয়ের জন্য তারেক রহমান অভিনন্দন পাওয়ার যোগ্য এবং পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বার্তায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপির নির্বাচনী সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। শাহবাজ বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন তিনি, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়।
পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের এই বার্তাকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের দিকনির্দেশনা দিতেও ভূমিকা রাখতে পারে।
