কেন দেশ ছাড়লেন ফয়েজ আহমদ তৈয়্যব? যা জানা গেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নীরবে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। নিজ দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি বিদেশে গেছেন বলে জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন এবং ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারও করেন বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন দাবি করে প্রযুক্তিনির্ভর নির্বাচনি আয়োজনে তার অবদান ছিল বলেও জানান। দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষাপটে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তথ্য যাচাই না করে কটূক্তি করা অনুচিত। দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সঞ্চয় শেষ হয়ে গেছে উল্লেখ করে দ্রুত একটি চাকরি খুঁজতে হবে বলেও জানান তিনি।
দ্রুত বিদেশ যাওয়ার কারণ হিসেবে তিনি ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং ও স্ত্রীর মেডিকেল জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেন। যথাযথভাবে ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন এবং রিটার্ন টিকিট কেটে গেছেন বলেও জানান। দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, টেলিকম-সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আনার চেষ্টা করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। সবার কাছে দোয়া কামনা করে পোস্ট শেষ করেন। এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
