বরগুনায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের ছাত্রনেতা
বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরগুনা সদরের পিটিআই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বরগুনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলার ৭৭ নম্বর এজাহারভুক্ত আসামি। সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে পুলিশ দাবি করেছে। এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো. আ. আলীম বলেন, সবুজ মোল্লাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান ছিল। সর্বশেষ গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বলছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
-69916a262fdb9.jpg)