মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর আটক বাবা

 


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 নিহত তরুণের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল বারেক খানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তিনি নানা অপকর্মে জড়িয়ে পড়তেন এবং বাড়িতে ভাঙচুরসহ মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন।

 এতে পরিবার দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি ঝগড়াঝাঁটি করেন এবং স্থানীয় আমুয়া বাজার থেকে একটি দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পরে গভীর রাতে ছেলে ঘুমিয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে বাবা সেই দা দিয়েই তাকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 খবর পেয়ে সকালে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন