ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ, কর্তব্যরত পোলিং অফিসারের মৃত্যু

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটগ্রহণ চলাকালে দায়িত্বরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি সরাইল সদর উপজেলার হালুয়া পাড়া এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত ছিলেন। দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে এলাকায় তার সুনাম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। নির্বাচন উপলক্ষে তিনি পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়ে নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, তবে শেষ রক্ষা হয়নি।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটগ্রহণ চলাকালে দায়িত্বরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম মারা গেছেন। তার মৃত্যুতে প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Next Post Previous Post

মন্তব্য করুন