জাল ভোটের চেষ্টা ও গোপনকক্ষে ছবি তোলা: আটক ৩

 


পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন তাওহীদ ইসলাম (১৪) ও সোহাগ সিকদার (৪৬)। নির্বাচন চলাকালে সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং জাল ভোট দেওয়ার চেষ্টা প্রমাণিত হলে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, আটক তাওহীদ ইসলাম কিশোর হওয়ায় তার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অপরদিকে প্রাপ্তবয়স্ক সোহাগ সিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে একই দিনে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলায়েত হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ভোটের গোপনীয়তা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তারা সতর্ক ছিলেন। গোপন বুথে ছবি তোলার বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন