ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার অভিযোগ, শিক্ষককে পেটাল ছাত্রদল

 


বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে এক শিক্ষককে বাজারে আটকে মারধরের ঘটনা ঘটেছে।

 শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার, তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। অভিযুক্তরা ঘটনার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষক উত্তম কুমার অভিযোগ করেন, বিকেলে বাজারে গেলে দক্ষিণ হাতাটা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে বাদশা তালুকদার, মহিউদ্দিন তালুকদারের ছেলে রিয়ান তালুকদার, মো. আইয়ুব আলীসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। তবে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট তরুণী তার ছাত্রী নন; উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা চলছিল এবং একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে।

 এদিকে হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ফরাজী বলেন, উত্তম তার বন্ধু এবং কয়েকদিন আগে মেয়েসংক্রান্ত একটি বিরোধের কথা তাকে জানিয়েছিলেন। ঘটনার দিন তারা বাজারে একসঙ্গে চা পান করেন, পরে উত্তম স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে দেখা করতে গেলে কিছুক্ষণ পর চিৎকার শুনে গিয়ে দেখেন, একটি দোকানের ভেতরে কয়েকজন ছাত্রদলকর্মী তাকে মারধর করছে।

 তিনি বাধা দিয়ে উত্তমকে উদ্ধার করেন এবং নিজেও আহত হন বলে জানান। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি তিনি দেখেছেন এবং ঘটনাস্থল যৌথবাহিনী পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Next Post Previous Post

মন্তব্য করুন