ভোট চলাকালে জাল ভোটের চেষ্টা, কলাপাড়ায় আটক ২
পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুজন এবং গোপন কক্ষে ছবি তোলার দায়ে আরও একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ (৪৬) কে আটক করা হয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা সন্দেহজনক কার্যকলাপ টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে আনেন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। এ ঘটনায় কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
অপরদিকে একই দিন সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। নির্বাচন চলাকালে গোপন বুথে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তোলার চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী গোপন কক্ষে ছবি তোলা শাস্তিযোগ্য অপরাধ।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
-698d7267ab86d.jpg)