একাধিক টিপসইয়ের অভিযোগে ঝিনাইদহে ভোটগ্রহণ স্থগিত ২০ মিনিট
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুড়ি বইয়ে একাধিক টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগের পর কেন্দ্রের পুরুষ বুথে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রিমা ইসলাম কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে চারটি গ্রামের মোট ৩ হাজার ২৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম সম্মিলনী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি এবং নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোটার রসুল আমিন অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে ব্যালট দেওয়ার সময় ৪ থেকে ৫টি ব্যালটের মুড়ি বইয়ে তার টিপসই নেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন। তার দাবি, এর আগেও আরও কয়েকজন ভোটারের কাছ থেকে একইভাবে একাধিক টিপসই নেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহার ও আইনগত ব্যবস্থার দাবি জানান।
চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুরুষ বুথে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ পুনরায় শুরু করা হয়। অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
