যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবো: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, “যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাব আমরা।” বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল থেকেই তিনি বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর রাখছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাননি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে আশাবাদী করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ অনেক আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসছে। ভোট শুরুর আগেই অনেক কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেড় দশকের বেশি সময় ধরে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বিশেষ করে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ এবারই প্রথম ভোট দিচ্ছেন। তার দাবি, তার আসনে অন্তত ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। তিনি নির্বাচনকে শঙ্কামুক্ত ও উৎসবমুখর করার আহ্বান জানিয়ে বলেন, ভোট কোনো ভয়ের বিষয় নয়; এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। দেবীদ্বারের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যাকে ইচ্ছা তাকেই ভোট দিন, তবে ভোটের কারণে যেন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়।”
