গণরায়ের প্রতি সম্মান জানিয়ে বিজয়ী-বিজিতদের অভিনন্দন আজহারীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয়পক্ষকে অভিনন্দন জানিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও দেশ গঠনের দায়িত্ব সবার।
তিনি উল্লেখ করেন, “নির্বাচনে বিজয়ী এবং বিজিত—উভয়পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।” আগামীর বাংলাদেশ গঠনে যাদের কাঁধে দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়ে, বিশেষ করে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবার ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন; নারী প্রার্থী ছিলেন ৮০ জন। ২০০৮ সালের পর এটিই অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বড় নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।
