গুম ও হত্যার বিচার থেকে কেউ রেহাই পাবে না: সালাহউদ্দিন
কক্সবাজার-1 (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের বিচার অবশ্যই সম্পন্ন করা হবে এবং তা হবে সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়েও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তার ভাষায়, গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না; আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া প্রতিহিংসাপরায়ণ হবে না, বরং স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে মডেল রয়েছে, তা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয় বিবেচনায় আনা হতে পারে, যাতে জাতিকে বিভক্ত না করে বরং সত্য উদঘাটন ও ন্যায়বিচারের ভিত্তিতে সামাজিক বন্ধন সুদৃঢ় করা যায়।
তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনই হবে অগ্রাধিকার। বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, বিএনপি কোনো ধরনের বিজয় উল্লাসে যাবে না, কারণ সামনে বড় দায়িত্ব রয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, তা পূরণ করাই এখন প্রধান কর্তব্য। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো উত্তেজনা সৃষ্টি না করে সংযত আচরণ করতে এবং জনগণের পাশে থেকে কাজ করতে হবে। তার মতে, রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার, পুনর্মিলন ও গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে আগামী দিনের মূল লক্ষ্য।
