সর্বোচ্চ ভোট পেয়ে আলোচনায় দীপেন দেওয়ান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান। মোট ২১৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। ফলে প্রায় ২ লাখ ২৮ হাজার ৯৮৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন পহেল চাকমা। সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, রাঙামাটিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। পোস্টাল ব্যালটসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোট দিয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন, যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১১২ ভোট।
একইসঙ্গে গণভোটে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৭১৯। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রিকশা প্রতীকে আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট, হাতপাখায় হাজী জসিম উদ্দিন ৩ হাজার ৬৭২, লাঙলে অশোক তালুকদার ২ হাজার ৯৭৪, কোদালে জুঁই চাকমা ১ হাজার ৭০ এবং ট্রাক প্রতীকে আবুল বাশার পেয়েছেন ৪৪৯ ভোট।
