ধানের শীষে সিল দেওয়া শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

 


শেরপুর-1 (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। ঘটনার পর কেন্দ্রজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। প্রিজাইডিং কর্মকর্তার নজরে বিষয়টি এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

 পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। ফলে ভোটের ফলাফলে এর কোনো প্রভাব পড়বে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন