‘জীবনের প্রথম ভোট দিলাম’ র্যাব মহাপরিচালক শহিদুর রহমান
র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জীবনের প্রথম ভোট দিয়েছেন তিনি এবং এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা দায়িত্বশীল আচরণ করলে বাকি সময়ও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
ভোটের নিরাপত্তা প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ এমন অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও বাড়তি নজরদারি রাখা হয়েছে। মাঠপর্যায়ে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বলেও উল্লেখ করেন র্যাব মহাপরিচালক।
