যশোরে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ
যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির সমর্থক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে আব্দুল গণি অভিযোগ করেন, তিনি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে ফিরিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, হামলায় দুইজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক রয়েছে বলে তিনি জানান।
