চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এনসিপির


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। তিনি জানান, চলমান নির্বাচন ও গণভোট ঘিরে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইয়াসির আরাফাত আরও জানান, শুধু দুপুর ২টার সংবাদ সম্মেলনই নয়, একই স্থানে বিকাল সাড়ে ৫টা ও রাত ১০টায়ও পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হবে। এসব ব্রিফিংয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অভিযোগ, পর্যবেক্ষণ ও দলীয় অবস্থান তুলে ধরা হবে। দলের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

 এছাড়া বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখান থেকে দেশজুড়ে ভোট ও গণভোটের পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। দলটি নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম বা গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবে বলে জানিয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন