ভোটকেন্দ্রে ‘প্রভাব বিস্তার’ অভিযোগে বিএনপি-খেলাফতের নেতাকর্মী গ্রেপ্তার

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ফরিদপুরের সালথা উপজেলায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকার পৃথক তিনটি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং মো. রবিউল। অভিযোগ রয়েছে, তারা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটগ্রহণে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

সালথা সেনা ক্যাম্প সূত্র জানায়, জয়ঝাপ স্কুল, ইউসুফদিয়া স্কুল ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিএনপি নেতা আবুল কালামকে জয়ঝাপ স্কুল কেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদ হোসেনকে নারানদিয়া স্কুল কেন্দ্র এলাকা থেকে এবং রবিউলকে ইউসুফদিয়া স্কুল কেন্দ্র এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার বা সহিংসতার চেষ্টা বরদাশত করা হবে না এবং এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন