বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত যা জানা গেল

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং চলমান নির্বাচন পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভোটের শেষ মুহূর্তে এমন সংবাদ সম্মেলনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি করেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা হয়েছে। এ কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, একদিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট আয়োজনের কারণে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই সময় বাড়ানো হয়েছে। এছাড়া এবার প্রথমবারের মতো পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নির্দিষ্ট শ্রেণির ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পান।

ইসি আরও জানিয়েছে, এবারের নির্বাচন ও গণভোটে তরুণ ভোটাররাই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। ৩৫ বছরের নিচে ভোটারের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার রয়েছেন ২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন; যাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২ জন, নারী ৯৪ লাখ ৯০ হাজার ২২১ জন এবং তৃতীয় লিঙ্গের ৪০৮ জন। অন্যদিকে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন; এদের মধ্যে পুরুষ ১ কোটি ৪১ লাখ ১ হাজার ৯০ জন, নারী ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ৫৬৭ জন। বিপুলসংখ্যক তরুণ ভোটারের উপস্থিতি এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Next Post Previous Post

মন্তব্য করুন