যে কারণে ৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত
তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটি এই অনুরোধ জানায়।
বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। প্রতিনিধি দলে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
ব্রিফিংয়ে মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, অনিয়ম ও সহিংসতার অভিযোগের ভিত্তিতে কুমিল্লা-৮, শরিয়তপুর-২ এবং পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিতের আবেদন করা হয়েছে। তিনি দাবি করেন, এসব কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে, চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারা দেশে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
এছাড়া ১৩৫ স্থানে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাই, ৫৯টি জালভোট, ১৮টি ভোটদানে বাধা, চারটি অগ্নিসংযোগ, ছয়জন প্রার্থীকে মারধর এবং নির্বাচনী দায়িত্বে অবহেলার ৩৩টি ঘটনার তথ্যও নিশ্চিত করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
