একসঙ্গে সংসদে যাচ্ছেন যে দুই ভাই

 


টাঙ্গাইলের দুই গুরুত্বপূর্ণ আসনে জোড়া জয় পেয়েছেন সহোদর দুই নেতা—টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 ঘোষিত ফলাফলে দেখা যায়, টাঙ্গাইল-২ আসনে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুস সালাম পিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং এ আসনে ৬৪ দশমিক ৫৬ শতাংশ ভোট কাস্টিং হয়। বাতিল ভোটের সংখ্যা ছিল ৫ হাজার ৫৫৫টি। 

অন্যদিকে টাঙ্গাইল-৫ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন, যার মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট কাস্টিং হয়। বাতিল ভোট ছিল ৪ হাজার ৪০১টি এবং মোট ভোট কাস্টিংয়ের হার দাঁড়ায় ৬৩ দশমিক ২৫ শতাংশ।

 রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আবদুস সালাম পিন্টু এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর তার এই জয়কে রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন অনেকে। অন্যদিকে ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জন্য এটি প্রথম সংসদ নির্বাচনেই বিজয়, যা জেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Next Post Previous Post

মন্তব্য করুন