জয়ের পর জামায়াত নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
গণতন্ত্র সংকুচিত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যখন গণতন্ত্র চাপা পড়ে যায় এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়, তখনই চরমপন্থি ও উগ্র গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেন, গণতান্ত্রিক চর্চা ব্যাহত হওয়ার ফলেই এমন শক্তির উত্থান ঘটেছে।
তবে একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি কখনো জনগণের আস্থা হারায়নি। তার ভাষায়, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে এবং জনগণের প্রত্যাশা ও অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে বলেই দলটি আজও শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, অতীতে সরকারে থাকাকালে বিএনপি জনগণের কল্যাণে কাজ করেছে, আর জনগণ যখন বিএনপির বক্তব্য ও কর্মসূচিকে গ্রহণ করেছে, তখনই দলটি নির্বাচনে বিজয় অর্জন করেছে।
মির্জা ফখরুল আরও বলেন, যুগপৎ আন্দোলনে যেসব দল ফ্যাসিবাদবিরোধী অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সমন্বয় করেই বিএনপি নির্বাচন করেছে এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি অটুট থাকবে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
