পাকিস্তান ম্যাচের আগে ভারত শিবিরে নতুন দুশ্চিন্তা

 


টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচের আগে দলীয় শিবিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। হার্ড হিটার ওপেনার অভিষেক শর্মার খেলা এখনো নিশ্চিত নয়। জিও সুপার সূত্রে জানা গেছে, আগ্রাসী এই ব্যাটার সম্প্রতি পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

 সপ্তাহের শুরুতে গ্যাস্ট্রিক জটিলতা দেখা দিলে তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান এবং দলের সঙ্গে পুনরায় যোগ দেন। তবে স্কোয়াডে ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরতে পারেননি বলে জানা গেছে।

 এখনও দুর্বলতা অনুভব করছেন অভিষেক, ফলে মেডিকেল টিম তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বোয় শুক্রবারের অনুশীলন সেশন শেষে পাকিস্তান ম্যাচের জন্য চূড়ান্ত একাদশে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 সতীর্থ আর্শদীপ সিংয়ের সঙ্গে এক ভিডিও বার্তায় অভিষেক জানান, অসুস্থতার সময় তাকে কেবল ভাত ও ডাল খেতে হয়েছে এবং সংক্রমণের কারণে প্রায় দুই কেজি ওজন কমে গেছে। তার অনুপস্থিতি ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা হতে পারে, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ৩৯ ম্যাচে ১,২৯৭ রান করেছেন ১৯৪.৯৫ স্ট্রাইক রেটে; রয়েছে আটটি অর্ধশতক ও দুটি শতক। 

পাকিস্তানের বিপক্ষেও তার পারফরম্যান্স উল্লেখযোগ্য—তিন ম্যাচে ১১০ রান, স্ট্রাইক রেট ১৮৯.৬৫ এবং একটি অর্ধশতক। পরিসংখ্যান বলছে, ভারত ও পাকিস্তান এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে ১৩টি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৮ সাক্ষাতে ভারত ৬টিতে জয় পেয়েছে, পাকিস্তান জিতেছে একটি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে রোববার কলম্বোয় অনুষ্ঠিতব্য মহারণের আগে অভিষেকের ফিটনেসই এখন ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন