জাল ভোট দিলে কী শাস্তি? জেনে নিন আইন কী বলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জালভোটের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এবারের নির্বাচনে ভোটারদের সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নিতে হবে, যেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ অপশনে মতামত জানানো যাবে। ভোট একজন নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার; কিন্তু প্রকৃত ভোটার ছাড়া অন্য কেউ ভোট দিলে, জোরপূর্বক ভোট আদায় করলে বা একজন একাধিকবার ভোট দিলে তা জালভোট হিসেবে গণ্য হয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগ উঠেছে—ভোটার কেন্দ্রে না গিয়েও তার নামে ভোট পড়ে যাওয়া, কেন্দ্র দখল, মৃত ব্যক্তির নামে ভোট কিংবা বিরোধী এজেন্টদের অনুপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব অভিযোগ শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও আস্থার সংকট তৈরি করেছে।
আইন অনুযায়ী জালভোট একটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৭৩ থেকে ৮৭ ধারায় ভোটকেন্দ্র এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ ও তার শাস্তির বিধান উল্লেখ রয়েছে। বিশেষ করে ৭৪ অনুচ্ছেদে বলা হয়েছে, অযোগ্য জেনেও ভোট দেওয়া, একই কেন্দ্রে বা একাধিক কেন্দ্রে একাধিকবার ভোট দেওয়া, ব্যালট পেপার সরিয়ে নেওয়া বা অন্যকে এসব কাজে প্ররোচিত করা—এসব বেআইনি কাজের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। এছাড়া অনধিকার প্রবেশ বা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার মতো অপরাধে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট অপরাধের ধরন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রণয়ন করলেই যথেষ্ট নয়; কার্যকর প্রয়োগ, স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। ছবি ও তথ্যসম্বলিত ভোটার তালিকা, ইভিএম চালু এবং পর্যবেক্ষক নিয়োগের মতো উদ্যোগ নেওয়া হলেও সচেতন ভোটার ও নিরপেক্ষ প্রশাসন ছাড়া জালভোট পুরোপুরি রোধ করা কঠিন। কারণ জালভোট কেবল একটি অনিয়ম নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। প্রকৃত ভোটের প্রতিফলন না ঘটলে জনগণের আস্থা ক্ষুণ্ন হয় এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্র, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটার—সবার সমন্বিত দায়িত্ব পালন জরুরি।
