নগদ ২ লাখ টাকাসহ গ্রেপ্তার জামায়াত নেতা
কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি তল্লাশি করেন। গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ ২ লাখ টাকা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন।
ইউএনও আব্দুর রহমান বলেন, খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেখানে পাঠানো হয়েছে। তবে টাকা বিলি করার সময় তাকে হাতেনাতে ধরা না পড়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নেওয়া হবে। এদিকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জেনেছেন এবং খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
