গাজার জন্য আন্তর্জাতিক তহবিল, ৫০০ কোটি ডলারের ঘোষণা ট্রাম্পের
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য ‘বোর্ড অব পিস’-এর সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা Reuters। প্রতিবেদনে বলা হয়, আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট Donald Trump আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের ট্রাস্টে সদস্যদের এই অর্থ সহায়তার ঘোষণা দেবেন। ট্রাম্প জানান, গাজা পুনর্গঠন এবং সেখানকার বাসিন্দাদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে এ তহবিল ব্যয় করা হবে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোর্ডের সদস্য রাষ্ট্রগুলো গাজায় জাতিসংঘ-অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার এসেছে।
তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে হামাসকে পূর্বস্বাক্ষরিত চুক্তি মেনে চলা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে বলেও শর্ত দেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, বোর্ড অব পিস ইতিহাসের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের।
গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগে গঠিত এই আন্তর্জাতিক তদারকি সংস্থাটি চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বোর্ডের নির্বাহী কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা Jared Kushner, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত Steve Witkoff, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী Tony Blair এবং World Bank-এর প্রেসিডেন্ট Ajay Banga-সহ বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা রয়েছেন। এছাড়া আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
