৩০ বছর পর ইতিহাস গড়ে যে আসন জিতল বিএনপি

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে প্রায় তিন দশক পর বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অর্ধলাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যিনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 দীর্ঘ প্রায় ৩০ বছর পর এ আসনে ধানের শীষের জয় ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপকূলীয় এ আসনটি অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এখানে অবস্থিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের অন্যতম বৃহৎ মৎস্যবন্দর, পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং সম্ভাবনাময় দ্বীপাঞ্চল রাঙ্গাবালী উপজেলা। 

তবে স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে পর্যটন ও অবকাঠামো খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, বিশেষ করে উপকূলীয় সড়ক, টেকসই বেড়িবাঁধ ও আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি সন্তোষজনক ছিল না। বিজয়ী প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, এটি শুধু তার ব্যক্তিগত জয় নয়, বরং উপকূলবাসীর বিজয়; মানুষ উন্নয়ন, স্বচ্ছ রাজনীতি ও নিরাপদ জীবনের পক্ষে রায় দিয়েছে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে পর্যটন, মৎস্য ও বিদ্যুৎ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন।

 কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার বলেন, প্রায় ত্রিশ বছর পর এ আসনে ধানের শীষের জয় প্রমাণ করে উপকূলবাসী পরিবর্তন চায় এবং কেন্দ্রীয় নেতৃত্ব এ আসনকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাঙ্গাবালী উপজেলা বিএনপির এক নেতা উল্লেখ করেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও কুয়াকাটা পর্যটনকেন্দ্র ঘিরে বিপুল সম্ভাবনা থাকলেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি; একজন মন্ত্রী পেলে অবকাঠামো উন্নয়ন ও মৎস্যখাতের আধুনিকায়নে গতি আসবে। স্থানীয় বাসিন্দা কাদের হাওলাদার বলেন, দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ভোট দেওয়া হয়েছে এবং প্রত্যাশা—এই বিজয় যেন শুধু রাজনৈতিক পালাবদলে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নের মাধ্যমে ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটায়।

Next Post Previous Post

মন্তব্য করুন