শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান-এর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে আবারও সরব হলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
দীর্ঘদিন ধরে ডিভোর্স ও বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চললেও এবার সোজাসাপ্টা ভাষায় তিনি জানিয়ে দিলেন—তাদের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে হাজির হয়ে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন বুবলী।
অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাকে পুনরায় বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, তখনই বুবলী স্পষ্ট করে দেন, “আমার তো ডিভোর্সই হয়নি, তাহলে বিয়ের প্রশ্ন আসে কীভাবে?” শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়েও তিনি মন্তব্য করেন। বুবলীর ভাষ্য, ব্যক্তিগত সিদ্ধান্ত যার যার নিজের বিষয়; তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—‘অতীত’ বলে কোনো স্ট্যাটাস নেই। তার এই বক্তব্য ঘিরে আবারও আলোচনায় সরগরম বিনোদন অঙ্গন।
সম্পর্কের বর্তমান অবস্থার প্রসঙ্গে বুবলী জানান, যে কোনো দাম্পত্যেই ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতে পারে, আবার সময়ের সঙ্গে সেসব ঠিকও হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।” এই বিশেষ আয়োজনে নিজের প্রথম প্রেম, ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এবং মিডিয়াপাড়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন নায়িকা। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, সম্পর্ক নিয়ে যেসব জল্পনা-কল্পনা চলছে, তার সবকিছুই বাস্তবতার সঙ্গে মেলে না। ফলে শাকিব-বুবলী সম্পর্কের সমীকরণ নতুন করে আলোচনায় এলেও, আপাতত ডিভোর্সের গুঞ্জনে পানি ঢেলে দিলেন এই চিত্রনায়িকা।
