তাড়াতাড়ি না দেরিতে বিয়ে—সঠিক সময় কোনটি?
বিয়ের জন্য আদর্শ বয়স কত—এই প্রশ্নের নির্দিষ্ট কোনো একক উত্তর নেই; বরং এটি নির্ভর করে ব্যক্তিগত প্রস্তুতি, মানসিক পরিপক্বতা, জীবনলক্ষ্য ও সামাজিক বাস্তবতার ওপর। সময়ের সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। একসময় পরিবার নির্ধারিত বয়সেই বিয়ে হতো, এখন অনেকেই ক্যারিয়ার গুছিয়ে ৩০-এর পর স্থিত হয়ে বিয়েকে প্রাধান্য দেন।
আবার কেউ বিশ্বাস করেন, তরুণ বয়সে একসঙ্গে সংগ্রাম ও বেড়ে ওঠার মধ্যেই দাম্পত্যের গভীরতা তৈরি হয়। কম বয়সে বিয়ের ক্ষেত্রে সমর্থকদের যুক্তি হলো—২০ থেকে ২৫ বছরের মধ্যে দম্পতিরা সহজে মানিয়ে নিতে পারেন, একসঙ্গে পরিণত হন এবং পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। ২০২২ সালে ব্রিগহ্যাম ইয়াং ইউনিভার্সিটির উইটলি ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, ২০-২৫ বছর বয়সে বিয়ে করা দম্পতিদের মধ্যে বৈবাহিক সন্তুষ্টির হার প্রায় ৮১ শতাংশ, যেখানে বেশি বয়সে বিয়ে করা দম্পতিদের ক্ষেত্রে তা ৭১ শতাংশ।
যৌন সন্তুষ্টির ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে—কম বয়সে বিয়ে করা দম্পতিদের ৬৩ শতাংশ সন্তুষ্ট, আর দেরিতে বিয়ে করা দম্পতিদের ক্ষেত্রে তা ৪৯ শতাংশ। তবে কম বয়সে বিয়ের ঝুঁকিও আছে—মানসিক অপরিপক্বতা, আর্থিক অস্থিরতা, হঠাৎ সন্তান আগমনের চাপ বা ব্যক্তিগত স্বপ্ন বিসর্জনের আশঙ্কা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। অন্যদিকে দেরিতে বিয়ের পক্ষে শক্ত যুক্তি হলো—২৫ বছরের পর মানুষ সাধারণত বেশি পরিণত হন, মতবিরোধ সামলাতে সক্ষম হন এবং আর্থিকভাবে স্থিতিশীল থাকেন।
যুক্তরাষ্ট্রের আদমশুমারিভিত্তিক দীর্ঘমেয়াদি বিশ্লেষণে দেখা গেছে, ২৫-৩৪ বছরের মধ্যে প্রথম বিয়ের সাফল্যের হার বেশি এবং ২৫ বছরের পর বিয়ে করলে বিচ্ছেদের ঝুঁকি প্রায় ২৪ শতাংশ কমে। কর্মজীবনে প্রতিষ্ঠিত নারীরা সম্পর্কে তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী থাকেন; নিজস্ব আয় ও আত্মপরিচয়ের স্পষ্টতা দাম্পত্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গী নির্বাচনে অতিরিক্ত বাছাইপরায়ণতা, ডেটিংয়ের সুযোগ কমে যাওয়া বা অতীত সম্পর্কের মানসিক প্রভাব নতুন সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। নারীদের ক্ষেত্রে জৈবিক সময়সীমা নিয়ে উদ্বেগও একটি বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে ৩০-এর পর আয় ও আর্থিক স্থিতি বাড়ে, যা পরিবার গঠনে সহায়ক হতে পারে।
সার্বিকভাবে দেখা যায়, ২২-২৫ বছরের মধ্যে বিয়ে করলে স্থিতিশীল দাম্পত্যের সম্ভাবনা উল্লেখযোগ্য, তবে সেটিই চূড়ান্ত নিয়ম নয়। মূল বিষয় হলো মানসিক প্রস্তুতি, পারস্পরিক মূল্যবোধের মিল, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সামঞ্জস্য। সুখী দাম্পত্য ঘড়ির কাঁটার নিরিখে নয়, বরং পরিণত সিদ্ধান্ত ও সঠিক সঙ্গী নির্বাচনের ওপর নির্ভর করে। তাই সামাজিক চাপ বা বয়সের হিসাব নয়, নিজের লক্ষ্য ও প্রস্তুতিই বিয়ের সঠিক সময় নির্ধারণের প্রধান মানদণ্ড হওয়া উচিত।
