যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা
৫৪ বছরের পুরোনো প্রথা ভেঙে নারী ভোটারদের ভোটকেন্দ্রে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিয়োগ দেওয়া হচ্ছে নারী ম্যাজিস্ট্রেটসহ শতভাগ নারী ভোটগ্রহণ কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানায়, ৭০-এর দশকে জৈনপুরের এক পীরের অনুরোধের পর থেকে এ ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলে আসা এই প্রথার কারণে নারী ভোটারদের উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায়, যদিও দৈনন্দিন জীবনযাত্রা ও হাট-বাজারে তাদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ে। ইউনিয়নে মোট নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন।
এই বিশাল জনগোষ্ঠীকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের নির্দেশনায় ৮টি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ স্থাপন করা হয়েছে। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ে দায়িত্ব পালন করবেন নারীরা।
পাশাপাশি পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং কেন্দ্রভিত্তিক নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীদেরও নারী পোলিং এজেন্ট নিয়োগে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানিয়েছেন, পর্দা রক্ষা করে নির্বিঘ্নে ভোট দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রশাসনের আশা, এবার নারীরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
.jpg)