ভারতের সামনে বড় দুঃসংবাদ আসছে: কী কী বিষয়ে প্রভাব পড়বে?

 


২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচের আগে দলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, কারণ তিনি পেটের গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

 ১২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ভারতের। তবে তার আগে অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম অনুশীলনে দেখা যায়নি অভিষেককে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের আগেও অসুস্থ ছিলেন তিনি। সেই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি; বদলি ফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাঞ্জু স্যামসন। 

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়নি তাকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওই ম্যাচে তার জ্বর ছিল এবং দ্রুত স্যালাইন দেওয়া হয়। শুরুতে বিষয়টি সাধারণ পেটের সমস্যা বলা হলেও পরে সংক্রমণ গুরুতর বলে জানা যায়। 

সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে জানিয়েছেন, অভিষেকের শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে দ্রুত সেরে ওঠার আশা করা হচ্ছে। অসুস্থতা সত্ত্বেও দলের সঙ্গে দিল্লি গেলেও গত ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়েছে বলে খবর।

 এদিকে অনুশীলনে প্রথমে নেটে যান সাঞ্জু স্যামসন, যদিও সাম্প্রতিক সিরিজে তিনি ছন্দে ছিলেন না এবং অনুশীলনেও কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। দলের কম্বিনেশন অনেকটাই নির্ভর করছে অভিষেকের ফিটনেসের ওপর। বুধবার শেষ অনুশীলনের পরই তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Next Post Previous Post

মন্তব্য করুন