দেশে ইসলামের ইনসাফ ছাড়া শান্তি সম্ভব নয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা অন্য কোনো দেশের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী-২ (বাউফল) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাউফল পৌর সদরের পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় পীর সাহেব চরমোনাই বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি। বিএনপি ও জামায়াত উভয়েই প্রচলিত ধারায় রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহভিত্তিক ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রচলিত আইনের কারণেই বাংলাদেশ বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া গড়ে উঠেছে। একই আইনের কারণে এ দেশে বসেই বিদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পীর সাহেব চরমোনাই আরও বলেন, ইসলামী আন্দোলন উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারবে না, তবে জনগণের জানমাল ও সম্মান রক্ষা করতে পারবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়; কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাতপাখা প্রতীকে একটি ভোট পড়া মানেই ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি পাওয়া। নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার ও মাওলানা নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
