‘জামায়াত নারীদের ঘরবন্দি রাখতে চায়’ ড. শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শুক্রবার রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি জামায়াত নারীদের ঘরবন্দী রাখতে চায়। তাই তারা কর্মজীবী নারীদের নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্য করছে। তিনি আরও বলেন, জামায়াত নারীদের ক্ষমতায়ন রোধ করতে চায় এবং তাদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশের মোট জনসংখ্যার প্রায় ৫২ শতাংশ নারী—এই বিশাল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারীদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত না করলে দেশ থমকে দাঁড়াবে এবং পিছিয়ে পড়বে।
শেখ ফরিদুল ইসলাম নির্বাচনী জনসমাবেশে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং পুরুষের সমান কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, এবং সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ জনসভায় রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ আরও অনেকে। মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং হিন্দু নারী-পুরুষের উপস্থিতিতে জনসভাটি একটি বৃহৎ জনসমুদ্রে পরিণত হয়।
শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে স্পষ্ট করেন, নারীর ক্ষমতায়ন ও সমানাধিকার নিশ্চিত করাই দেশের সত্যিকারের উন্নয়নের মাপকাঠি। তিনি জনগণকে সতর্ক করে বলেন, ভোটাররা তাদের শক্তি এবং বুদ্ধি ব্যবহার করে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
