রাজনীতির মঞ্চে নতুন চমক, কে এই পুতুল?

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ৪১ বছর বয়সে তিনি এই আসনের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন পুতুল, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পান ৮৯ হাজার ৪৩১ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। দীর্ঘ ১৮ বছর পর আসনটি পুনরুদ্ধার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন করে শক্ত অবস্থান তৈরি করেছে এ অঞ্চলে। পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল–এর কন্যা। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। 

তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটি এখানে জয় পায়নি। বাবার মৃত্যুর পর হারানো আসন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন পুতুল। বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষের।

 তিনি নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মী ও সমর্থকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান। তরুণ নেতৃত্ব, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও দীর্ঘদিনের সাংগঠনিক প্রচেষ্টার সমন্বয়ে এই জয় অর্জিত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। তার এই বিজয় শুধু একটি আসন পুনরুদ্ধার নয়, বরং রাজশাহী বিভাগের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রেও একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Next Post Previous Post

মন্তব্য করুন