ভোটের ইঞ্জিনিয়ারিং বিতর্কে মুখ খুললেন তারেক রহমান”

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে নিজেদের পক্ষে কনভিন্স করাই ছিল তাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’, আর সেই রাজনৈতিক কৌশলে তারা সফল হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যে ‘ইঞ্জিনিয়ারিং’ শব্দটি নিয়ে নানা আলোচনা চলছে, সেটি কোনো অনৈতিক প্রক্রিয়া নয়; বরং জনগণের আস্থা অর্জন, তাদের প্রত্যাশা বোঝা এবং সুসংগঠিত রাজনৈতিক কৌশলের মাধ্যমে সমর্থন আদায় করাই ছিল তাদের লক্ষ্য। দেশ পরিচালনার কঠিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তারা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন বিগত সময়ের ফ্যাসিবাদী শাসনের ফলে অর্থনীতি ভঙ্গুর, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো অকার্যকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল অবস্থায় রয়েছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান দাবি করেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে এবং এ বিজয় কোনো একক দলের নয়, বরং সাধারণ জনগণের বিজয়। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, নতুন সরকার জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে এবং ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি নির্বাচনে সহযোগিতা করা ৫১টি রাজনৈতিক দলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশগণ-অধিকার পরিষদ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Next Post Previous Post

মন্তব্য করুন