নতুন সরকারের শপথের তারিখ প্রকাশ করলেন প্রেস সচিব
আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর গড়াবে না। তিনি স্পষ্ট করে জানান, শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, সংবিধানসম্মত ধারাবাহিকতা বজায় রেখে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে যেন কোনো ধরনের শূন্যতা সৃষ্টি না হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি থাকতে পারে এবং নিরাপত্তাসহ প্রটোকল সংক্রান্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। সার্বিকভাবে একটি সুশৃঙ্খল ও সময়োপযোগী প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।
