জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার তাৎপর্যপূর্ণ বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযমী অবস্থান, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মী-সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে; বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, দ্রুত প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা আমাদের সামনে উপস্থিত।
এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা অপরিহার্য। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্কে অংশগ্রহণ, আইন প্রণয়নে বাস্তবসম্মত পরামর্শ প্রদান, জনগণের প্রত্যাশা ও দাবি তুলে ধরা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ, ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে দলটি অবদান রাখবে—এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
পাশাপাশি জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে যে ভূমিকা রাখা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বার্তার শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহ তায়ালার কাছে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং দেশের কল্যাণে সম্মিলিত প্রয়াস জোরদারের আহ্বান জানান।
