ভোট ঘিরে কড়া নজরদারি: মাঠে ২,৭৫৫ ম্যাজিস্ট্রেট

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন-সংক্রান্ত অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সারা দেশে মোট ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

 ইসি জানিয়েছে, ২৯৯টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন তারা দায়িত্বে থাকবেন।

 অন্যদিকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তফশিল ঘোষণার পর থেকেই প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

 এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট সাত দিন দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে মাঠপর্যায়ে সক্রিয় থাকছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন আশা করছে, ম্যাজিস্ট্রেটদের তৎপরতায় আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা ও অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Next Post Previous Post

মন্তব্য করুন