ভোট চুরির অপচেষ্টা রুখতে কঠোর অবস্থানের ঘোষণা সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে, কারণ যারা ভোট চুরির আশায় আসবে তাদের একমাত্র ঠিকানা হবে হাসপাতাল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু একটি ভোটও চুরি হতে দেব না।
তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি ইনসাফ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই নির্বাচনকে তিনি নব্য স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড় কথা বলা হলেও ভোট শেষ হলে অনেক নেতার আর খোঁজ পাওয়া যায় না। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, বালুমহাল ও নদীমহাল নিয়ন্ত্রণের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।
সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের মন্দির ও বসতবাড়ি পাহারা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু এলাকায় হামলা ও দখলের ঘটনা ঘটেছে, যার সঙ্গেও বিএনপির নেতাকর্মীরা জড়িত। তিনি বলেন, ভালো মানুষের মুখোশ পরে যারা রাজনীতি করেন অথচ তৃণমূল পর্যায়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের লালন-পালন করেন, জনগণকে তাদের চিনে নিতে হবে।
নিজের বয়স নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বয়সে বড় অনেক নেতা সংকটকালে রাজপথে ছিলেন না, পাঁচ বছরে একবার ভোটের সময় সক্রিয় হওয়া নেতারা প্রকৃত প্রতিনিধি হতে পারেন না। নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের নির্দোষ নেতাকর্মীদেরও সম্মানের সঙ্গে রাজনীতি করার সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।
