ধানের শীষে ভোট, তালাকের শিকার জোহরা—পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জেরে তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় জোহরার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেয় সংগঠনটির একটি প্রতিনিধিদল।
সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে যাওয়া এ দল ভুক্তভোগী জোহরার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তার তিন সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও সামাজিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেবসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাদের মধ্যে ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তালাকটি শরিয়তসম্মতভাবে কার্যকর হয়েছে কি না, তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে ফ্যামিলি কার্ড প্রদানের ব্যবস্থা নিতে হবে, যাতে পরিবারটি নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ পায়।
