অর্ধকোটি টাকাসহ আটকের ঘটনায় মুখ খুললেন জামায়াত মুখপাত্র

 


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উদ্ধার হওয়া অর্থ কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট নয়; এটি বেলাল উদ্দিনের ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এ ঘটনায় দলীয় অবস্থান স্পষ্ট করতে শিগগিরই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ বেলাল উদ্দিনকে আটক করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা তিনি স্বীকার করেছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে। তবে এখনো উদ্ধার হওয়া টাকার উৎস, বহনের উদ্দেশ্য কিংবা এর সঙ্গে অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও উভয় পক্ষই নিজ নিজ অবস্থান তুলে ধরছে।

Next Post Previous Post

মন্তব্য করুন