শুধু পুলিশের বাড়িতেই চুরি করা নেশা যার
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাণ্ডওয়া জেলায় পুলিশ সদস্যদের বাড়িতে ধারাবাহিক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানায়, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে কেবল পুলিশ সদস্যদের বাসাকেই নিশানা করতেন।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম দীপেশ; তিনি আলিরাজপুর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত ২০ জানুয়ারি রাতে খাণ্ডওয়া পুলিশ লাইন্স এলাকায় কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে কয়েক লাখ রুপির গয়না ও নগদ অর্থ খোয়া যায়। ঘটনার পর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত বুরহানপুরের দিকে পালানোর চেষ্টা করছিলেন। তাকে ধরতে গেলে তিনি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এতে তার হাত ও পায়ে আঘাত লাগে। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে হাজির করে; সেখান থেকে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে ৩০ হাজার রুপি নগদ অর্থ ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে জাবুয়া, ধার ও আলিরাজপুর জেলাজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়।
খাণ্ডওয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর এ ঘটনাকে কোতওয়ালি থানার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং জানান, জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি চুরির তথ্য মিলেছে। অভিযুক্তের দাবি, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হওয়ার পর থেকেই প্রতিশোধ নিতে তিনি পুলিশ সদস্যদের বাড়ি টার্গেট করতেন। খাণ্ডওয়ার স্টেশন হাউস অফিসার প্রভীন আর্য বলেন, চুরির আগে অভিযুক্ত ফেরিওয়ালার ছদ্মবেশে পুলিশ লাইন্সের আশপাশে ঘোরাফেরা করে রেকি করতেন এবং গভীর রাতে চুরি করতেন। এ ঘটনায় রমেশ ও ভুরালিয়া নামে আরও দুই সন্দেহভাজন সহযোগী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.webp)