পবিত্র রমজান সামনে রেখে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

 


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, চলতি রমজানেই বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয় আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বলে তিনি সাংবাদিকদের জানান। 

বৈঠক শেষে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এবং এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আজ বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি সর্বজনীন উদ্যোগ হিসেবে নেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

 এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা উপকারভোগী নির্ধারণ ও কার্যক্রমের কাঠামো চূড়ান্ত করবে। কত পরিবার এই কার্ড পাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এতে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ থাকবে না; তবে শুরুতে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে দরিদ্র এবং তারপর মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী চান ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হোক। সে লক্ষ্যে কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করে পরবর্তীতে সারাদেশে বিস্তৃত পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন