পে-স্কেল নিয়ে বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী

 


পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল সংক্রান্ত সুপারিশ আগে খতিয়ে দেখতে হবে, না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

 তিনি জানান, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের মোট কত অর্থ ব্যয় হবে এবং বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা কতটা সামর্থ্যের মধ্যে রয়েছে—এসব বিষয় গভীরভাবে মূল্যায়ন করা জরুরি। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ট্যাক্স আদায় ও ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। তাই আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়নের সম্ভাবনাও পর্যালোচনা করা হবে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ঘোষণা দেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।

 সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয় এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন ও ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গ কার্যকরের সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার।

Next Post Previous Post

মন্তব্য করুন