ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল

 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান নির্বাচন কমিশন যে প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী। তার মতে, এবার ভোটাররা কোনো ভয় বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেগুনবাড়ি ইউনিয়নের বাশবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে এই এলাকায় রাজনীতি ও নির্বাচনের সঙ্গে যুক্ত। এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো নির্বাচনে জয়ী হয়েছেন, কখনো পরাজয়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনোই এলাকার মানুষের কাছ থেকে দূরে সরে যাননি। সব সময় সুখ-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলাম প্রসঙ্গে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে এমন একটি দলের সঙ্গে, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তিনি বলেন, বিএনপির রাজনীতির সূচনাই হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ বিএনপির অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। এই আদর্শিক অবস্থানের কারণেই জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ও মতাদর্শিক পার্থক্য স্পষ্ট। মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় বিএনপি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন সম্ভব। জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Next Post Previous Post

মন্তব্য করুন