ইরানি ড্রোন ভূপাতিতের পর কড়া বার্তা দিলেন ট্রাম্প

 


উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক এই তৎপরতার মধ্যেই আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরির কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই মুহূর্তেও আলোচনা চলছে। যদিও আলোচনাগুলো কোথায় বা কোন পর্যায়ে হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে যোগাযোগ চলছে এবং ইরান সমঝোতার পথে আগ্রহ দেখাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

ট্রাম্প আরও বলেন, এর আগেও ইরান আলোচনার সুযোগ পেয়েছিল, কিন্তু সেসব উদ্যোগ সফল হয়নি। তিনি গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো ‘মিডনাইট হ্যামার’ অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, ইরান এমন পরিস্থিতির পুনরাবৃত্তি নিশ্চয়ই চাইবে না। ওই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, যা দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আরব সাগরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। গত সপ্তাহে প্রায় ৫ হাজার ৭০০ মার্কিন সেনাসহ ইউএসএস আব্রাহাম লিংকনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়। ওই বহরের সঙ্গে আগে থেকেই থাকা তিনটি ডেস্ট্রয়ার ও তিনটি লিটোরাল কমব্যাট শিপও যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় নতুন করে চাপ সৃষ্টি করলেও, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, দূরদর্শিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ন্যায্য আলোচনার পথে এগোতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

Next Post Previous Post

মন্তব্য করুন