ঢাকায় পা রাখলেন বিশ্বকাপজয়ী ওজিল

 


Mesut Özil হঠাৎ ঢাকায় এসে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় অনেকটা নীরবেই বাংলাদেশে পা রাখেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্ক সরকারের সহযোগিতা সংস্থা Turkish Cooperation and Coordination Agency (TİKA)-এর অর্থায়নে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মূলত ঢাবিতে উপস্থিত হন ওজিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, টিকা ইতোমধ্যে মেডিকেল সেন্টারের জন্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে। এই অর্থে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামো সংস্কার এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকসু সম্পাদক মিনহাজ জানিয়েছেন, প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা আগের চেয়ে উন্নত ও দ্রুত চিকিৎসাসেবা পাবেন।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ওজিল। আজকের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগামীকাল তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণই তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। সংক্ষিপ্ত এই সফর শেষ করে আগামীকাল রাতেই দেশ ছাড়বেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

Next Post Previous Post

মন্তব্য করুন